ষ্টাফ রিপোর্টার,২০২০(বিবিনিউজ):শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি মালিকপক্ষ ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক সৃষ্টি এবং শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠু কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে রপ্তানিমুখি একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জিরাবো-পুকুরপাড় এলাকায় অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেডে এ শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নিয়ে প্রতিষ্ঠানটিতে চতুর্থ বারের মত এই শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হলো। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বিকেল দুপুর পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে কঠোর নিরাপত্তা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ চলাকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও আইএলওর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এব্যাপারে অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার হামিদুল করিম জানান, বৃহস্পতিবার সকালে ব্যতিক্রমধর্মী এ নির্বাচনে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত তিন হাজার দুই’শ ৬৫ জন শ্রমিক তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট প্রদান করেন। তাদের ভোটে ১২ জন শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হবেন। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ১৭ জন। ভোট গ্রহণ শেষে বিকেলে বিজয়ীদের নাম ঘোষণা করবেন কারখানা কর্তৃপক্ষ। পরে ওই নির্বাচিত ১২ জন শ্রমিক প্রতিনিধি প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোপ-আলোচনা করবেন। পাশাপাশি তারা মালিকপক্ষকে বিভিন্ন পরামর্শ দিয়েও সহযোগিতা করবেন। মূলত, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই চতুর্থ বারের মতো কারখানায় এই ব্যতিক্রমধর্মী নির্বাচনের আয়োজন করা হয়েছে।
ভোট গ্রহণ অনুষ্ঠানে অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাভারের আশুলিয়া পোশাক কারখানায় শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত
