নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় লরির ধাক্কায় বাস উল্টে গিয়ে ৯জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৩ জন। আজ সোমবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
হতাহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি আব্দুল কাইয়ুম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার চিবরদী মুগরাপাড়া এলাকায় লরির ধাক্কায় একটি বাস উল্টে গেছে। আর এতে এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।
