সাতক্ষীরা, ২০ নভেম্বর : সাতক্ষীরায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত ১০টার দিকে জেলার আশাশুনি উপজেলার কৈখালী বেড়িবাঁধে এ হত্যাকাণ্ড ঘটে।
খবর পেয়ে আজ সোমবার সকালে পুলিশ একটি নির্জন জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আওয়ামী লীগ নেতার নাম সোলায়মান গাজী। তিনি কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নলতা ইউনিয়নের ঝায়ামারী গ্রামের মৃত মোকছেদ গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে শোভনালীর কৈখালী সন্নাসীর চক বাজারে ক্যারাম খেলছিলেন সোলায়মান। হঠাৎ একটি ফোন কল পেয়ে খেলা ছেড়ে চলে যান তিনি। আজ সকালে বাজার সংলগ্ন নির্জন জায়গায় তার গলা কাটা মরদেহ দেখতে পায় বাজারের লোকজন।
আশাশুনি থানার ওসি শাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠাচ্ছে। এ হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।
