রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

112664_imagesডেস্ক রিপোর্ট :  রাজধানীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে এসব ঘটনা ঘটে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু বকর সিদ্দিক নিলয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত নিলয় পুরান ঢাকার গেন্ডারিয়া এসকে দাস রোড এলাকার শাহাদত আলীর ছেলে।

জানা যায়, সন্ধ্যায় খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনে রাস্তা পার হওয়ার সময় চলন্ত একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক নিলয়কে মৃত ঘোষণা করেন।

এদিকে খিলগাঁওয়ের বনশ্রীর নাগদারপাড়ায় স্বাধীন পরিবহনের একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। নিহত দু’জনের লাশ পুলিশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া, রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় রবিউল ইসলাম (৪০) নামে এক পিকআপ ভ্যানচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ইসমাইল হোসেন (২০) ও জাফর আলী নামে আরও দু’জন।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত জাফর আলী রিকশাচালক। দুর্ঘটনার সময় তিনি রবিউল ও ইসমাইলকে বহন করছিলেন।

দুর্ঘটনার পর ত‍ৎক্ষণাৎ তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রবিউলকে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসা দেওয়া হচ্ছে জাফর ও ইসমাইলকে।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১৪৩৪

Related posts

Leave a Comment