ভ্যাকসিন দেবার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন :স্বাস্থ্যমন্ত্রী


৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): চলতি জানুয়ারি মাসের শেষের দিকে বা আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে। করোনা নিয়ন্ত্রণে সম্মুখযোদ্ধাদের মধ্যে ভ্যাকসিন আগে বিতরণ করা হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ভ্যাকসিনের কোনো অভাব হবে না।

শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে অসহায় শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণের সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশকে অনেকেই ভ্যাকসিন দিতে চাচ্ছে। চীন, রাশিয়া ও আমেরিকাসহ ইউরোপের দেশগুলো ভ্যাকসিন দিতে চাচ্ছে। ভ্যাকসিনের জন্য আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি থেকে বিনা মূল্যে কিছু ভ্যাকসিন দিতে চাচ্ছে। এই ভ্যাকসিন আমরা গ্রহণ করব এবং সম্মূখযোদ্ধাদের তা আগে দেওয়া হবে। ’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার নিয়ন্ত্রণ ও চিকিৎসায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান প্রথম। আমাদের দেশে আগের তুলনায় করোনার সংক্রমণ কমে গেছে। সংক্রমণের হার এখন সাড়ে ৫ শতাংশ এবং সুস্থতার হার ৯০ শতাংশ। পৃথিবীর ১৯২টি দেশের মধ্যে বাংলাদেশ ২০ তম অবস্থানে অবস্থান করছে। আমেরিকার অবস্থান ৪০ নম্বরে ও ভারতের অবস্থান ৩৫ নম্বরে। আমেরিকায় প্রতিদিন চার হাজার লোক মারা যায়, পুরো বিশ্বে প্রায় ১০ হাজারের অধিক লোক মারা যায়। সে তুলনায় আমাদের দেশে মৃত্যুর হার কম।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সদর উপজেলার সহস্রাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, জেলা পরিষদের সদস্য শামীম হোসেন, স্থানীয় গড়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফসার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment