এসএসসি পরীক্ষায় এবার প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই : শিক্ষামন্ত্রী

2017-01-30_0_470774ডেস্ক রিপোর্ট:  শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই। প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষা-২০১৭ সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির এক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষামন্ত্রী বলেন, যেসব জায়গা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়, সেসব জায়গায় প্রতিরোধের ব্যবস্থা নেয়া হয়েছে, গোয়েন্দা সংস্থার নজরদারিও বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিজি প্রেসের পুরো সিস্টেম পরিবর্তন করা হয়েছে।
নাহিদ বলেন, একটি চক্র ভূয়া প্রশ্নপত্র বানিয়ে এবং গুজব ছড়িয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে থাকে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এদের কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়েছে।
মন্ত্রী বলেন, জাতীয় মনিটরিং কমিটির কার্যক্রমের ফলে এবার প্রশ্নপত্র ফাঁস বন্ধ করা সম্ভব হয়েছে। এবছর প্রশ্নপত্র ফাঁসের কোন গুজব উঠে নাই। নুরুল ইসলাম নাহিদ বলেন, সভায় ফেসবুকে প্রশ্ন সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. অরুনা বিশ্বাস, চৌধুরী মুফাদ আহমদ ও রুহী রহমান, কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব অশোক কুমার বিশ্বাস ও একেএম জাকির হোসেন ভুঞা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ কে মফিজুল হক, পুলিশের এআইজি মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার মো. দিদার আহমদ, মুদ্রন ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক বেগম ভিকারুন নেছা, এনএসআই’র যুগ্ম পরিচালক শিরিন আক্তার, আইসিটি বিভাগের যুগ্মসচিব মো. নুরুল করিম মজুমদার, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজান-উল-আলম এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১৪৩১

Related posts

Leave a Comment