দেশের গণতন্ত্র যেন শক্ত শিকড় বাঁধতে পারে সরকার সে ব্যবস্থা করছে : আইনমন্ত্রী

 2017-01-09_6_425172ডেস্ক রিপোর্ট:  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, দেশবাসী এখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করছে। দেশে গণতন্ত্র যেন শক্ত শিকড় বাঁধতে পারে সরকার সেই ব্যবস্থাই করছে।
রোববার ঢাকা জজ কোর্ট প্রাঙ্গণে বৃহত্তর কুমিল্লা আইনজীবী কল্যাণ সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
আইন পেশা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা উল্লেখ করে আনিসুল হক বলেন, এ পেশায় নিয়োজিত ব্যক্তিরা দেশের গতি নির্ধারণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করেন। এটি করা তাদের কর্তব্যও বটে।
আর্থিক কল্যাণের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, কল্যাণ সমিতি এমন হওয়া উচিত, যেখানে তাদের সহায়তা করার জন্য, পাশে দাঁড়ানোর জন্য সকল ব্যবস্থা থাকবে।
বৃহত্তর কুমিল্লা আইনজীবী কল্যাণ সমিতির কর্ম-পরিধি কেবল তিনটি জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ সমিতি চোখ থাকতে হবে সারাদেশের আইনজীবীদের কল্যাণের দিকে।
তিনি বলেন, এক দশক পূর্বেও আমাদের বৈদেশিক রপ্তানী আয় ১০ বিলিয়ন ডলার ছিল না, অথচ আজ সেটা ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। রপ্তানী আয় ৫০ বিলিয়নে নেয়ার স্বপ্ন দেখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এই স্বপ্ন বাস্তবায়নে আইনজীবীদেরও বিরাট ভূমিকা রয়েছে।
আনিসুল হক আশা প্রকাশ করে বলেন, বৃহত্তর কুমিল্লা আইনজীবী কল্যাণ সমিতি এবং সকল আইনজীবীর মাধ্যমে বাংলাদেশের অগ্রযাত্রা আরো তরান্বিত হবে।
আইনজীবীদের উদ্দেশ্যে আনিসুল হক আরো বলেন, ‘আপনাদের কাছে আমার অনেক চাওয়ার আছে। আপনারা আপনাদের শ্রম, মেধা ও বুদ্ধিমত্তা দিয়ে আপনাদের পেশাকে আরো গৌরবান্বিত করবেন, যা দেশের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।’
বৃহত্তর কুমিল্লা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এবং কাজী মো. নজিব উল্লাহ হিরু বক্তৃতা করেন।

 

 

মিতু/বিবি নিউজ/১০৫০

Related posts

Leave a Comment