২৪ আগস্ট ২০২১(বিবিনিউজ ):ঢাকার সাভারে বংশী নদীর পাড়ের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় এক প্রভাবশালী ব্যক্তির দখলকৃত স্থাপনাসহ দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে সাভারের নামাবাজারের বাঁশপট্টি এলাকার বংশী নদীর দখল করা প্রায় ১৫ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়। সরকারি জায়গাটিতে সাভারের এক প্রভাবশালী দখল করে স্থাপনা নির্মাণ করেছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাভারের নামাবাজারের বাঁশপট্টি এলাকা দিয়ে বয়ে যাওয়া বংশী নদীর প্রায় ১৫ শতাংশ জায়গা দখল করে গোডাউন নির্মাণ করেছিলেন ওই প্রভাবশালী। এই গোডাউন ভাড়া দেয়ার জন্য তিনি নির্মাণ করেছিলেন বলে জানা যায়। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন সাভার ইউএনও মাজহারুল ইসলাম। এসময় অবৈধ স্থাপনাসমূহ গুঁড়িয়ে দিয়ে প্রায় ১৫ শতাংশ জায়গা দখলমুক্ত করা হয়।
সাভার ইউএনও মাজহারুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সরকারি কোন জায়গা দখল করতে দেয়া হবে না। অভিযানের সময় সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ, সাভার মডেল থানার বিপুল সংখ্যক পুলিশ সদস্যসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
