মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

৭ আগস্ট,২০২১(বিবিনিউজ ):পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেল চালানো অবস্থায় মুঠোফোনে কথা বলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বালুর স্তূপের সঙ্গে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খটপাড়া এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম গোলাম রব্বানী (৩০)। তিনি উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি এলাকার আবদুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তেঁতুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার রায় বলেন, গোলাম রব্বানী গতকাল সন্ধ্যায় তেঁতুলিয়ার বাংলাবান্ধা এলাকায় বোনের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজের বাড়িতে ফিরছিলেন। খয়খটপাড়া এলাকায় মোটরসাইকেল চালানোর সময় তিনি মুঠোফোনে কথা বলা শুরু করেন। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বালুর স্তূপে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া বলেন, সুরতহালে যুবকের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Related posts

Leave a Comment