২ জুলাই,২০২১(বিবিনিউজ ): সাভারে একটি বেসরকারি ব্যাংকের শাখায় আগুন লেগেছে। শুক্রবার বিকালে সাভার বাজার রোড এলাকায় শাহ্জালাল ইসলামী ব্যাংক সাভার শাখায় এ ঘটনা ঘটে। পরে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের খবর ছড়িয়ে পড়লে কঠোর লকডাউনেও ঘটনাস্থলে ভিড় করে অনেক মানুষ। এদের অনেকের মুখেই ছিল না মাস্ক।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের এ ঘটনা দেখতে এ সময় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে ঘটনাস্থলে ভিড় করে কয়েকশো মানুষ। তবে এদের সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের কোনো ভূমিকা দেখা যায়নি। করোনার ঊর্ধ্বগতির এই সময়ে এক জায়গাতে এত মানুষের জমায়েতে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় কয়েকজন বলেন, সরকার কঠোর লকডাউনের আদেশ জারি করেছে। আমরা বাইরে বের হচ্ছি না প্রশাসনের ভয়ে। অথচ আগুন দেখতে আমার বাসার সামনে এত মানুষ চলে এসেছে। এখানে তো প্রশাসনের কাউকে দেখলাম না।
কঠোর লকডাউনের মধ্যে গণজমায়েতের বিষয়ে জানতে চাইলে সাভারের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বলেন, বিষয়টি আমাদের জানা ছিল না। আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিচ্ছি ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিতে। পরে ঘটনাস্থলে এসে উপস্থিত মানুষজনকে সরিয়ে দেয় সাভার মডেল থানা পুলিশ।
