স্টাফ রিপোর্টার,১ জুলাই,২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে পল্লীবিদ্যুৎ সাবস্টেশনে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই বালিথা গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে। এ ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমান।
জানা গেছে, রাত দেড়টার দিকে ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি বালিথা গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়ির দেয়াল টপকে হাফ প্যান্ট ও মুখোশ পরিহিত ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির ভেতর প্রবেশ করে। এরপর বাসার কলাপ্সিবল গেটের তালা ভেঙে প্রথমে নিচতলায় নজরুল ইসলামের মায়ের ঘরে ও তার ভাই মোশারফ হোসেনের ঘরে ঢুকে তাদের ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর দ্বিতীয় তলায় অপর ভাই মহসিন আলম মিন্টুর রুমে ঢুকে তাদেরকে হাত-পা ও মুখ বেঁধে রাখে। পরে আলমারি ভেঙে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, ২টি দামী মোবাইল ফোনসেট ও কিছু ডলারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, রাতে আমি বাড়ি ছিলাম না। আমার দুই ভাইকে হাত মুখ বেধে এবং মাকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোনসেট, র্স্বণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
এছাড়া একই রাতে সোমভাগ ইউনিয়নের সাংবাদিক আবদুর রশিদের মালিকানাধীন মার্কেটে ডাকাতরা হানা দেয়। এ সময় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে ধামরাই থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করে ও তার বক্তব্য পাওয়া যায়নি। এঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত বৃহস্পতি বার রাতে ধামরাই-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাশে বালিয়া পল্লী বিদ্যুৎতর সাব স্টেশনেও ডিবি পুলিশ পরিচয়ে র্দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় অফিসের চারজন স্টাফকে পিটিয়ে ৬টি ট্রান্সফরমার, কয়েলেরতার, কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা ও ৮টি মোবাইল সেটসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটকরে নেয়। তবে এখন পর্যন্ত পুলিশ কোন ডাকাতকে গ্রেফতার বা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
