ষ্টাফ রিপোর্টার,১৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):শীতের আগমনী বার্তা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় এসেছে অতিথি পাখি। শীতের সময় এখানকার জলাশয়গুলো হয়ে ওঠে অতিথি পাখির নিরাপদ আশ্রয়কেন্দ্র। অতিথি পাখির আগমনে ক্যাম্পাসের সৌন্দর্য বেড়েছে কয়েকগুণ।
প্রতি বছরের মতো এবারও ক্যাম্পাসে এসেছে অতিথি পাখি। পুকুরসহ ক্যাম্পাসের বেশ কয়েকটি জলাশয়ে আসর বসিয়েছে অতিথি পাখিরা। ক্যাম্পাসের আকাশ জুড়ে পাখিরা উড়ে বেড়াচ্ছে আর জলকেলিতে মেতে উঠছে। পাখিদের কলকাকলি, ঝাঁকে ঝাঁকে বিচরণ আর খুনসুটিতে মুখর হয়ে উঠছে পুরো ক্যাম্পাস। করোনা ভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় এবার অনেক বেশি পাখি এসেছে। নিরাপদে তারা ক্যাম্পাসের লেক গুলোতে খুনসটিতে মেতে উঠেছে। কিন্তু ক্যাম্পাস বন্ধ থাকার পরেও অনেক দশনার্থী আসছে পাখি দেখতে।
শীতের এই সময় ক্যাম্পাস এখন যেন পাখির রাজ্য। কিছু পাখি ডুবসাঁতার খেলছে, কিছু উড়ে যাচ্ছে আকাশে, এ ডাল থেকে ও ডাল ঘুরে আবার নেমে আসছে লেকের পানিতে। কিছু আবার পালকের ভেতর মুখ গুঁজে রোদ পোহাচ্ছে। মাছ ধরার প্রতিযোগিতায় নামছে কিছু পাখি। সব মিলিয়ে যেন পাখিদের মিলন মেলা বসেছে এখানে।
প্রতি বছর সেপ্টেবর-অক্টোবর মাসে হিমালয়ের উত্তরে প্রচ- শীত নামতে শুরু করে। ফলে উত্তরের শীত প্রধান অঞ্চল সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন, নেপাল ও ভারতে প্রচুর তুষারপাত হয়। শীতের তীব্রতা সইতে না পেরে পাখিরা উষ্ণতার খোঁজে পাড়ি জমায় বিভিন্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে। এ সময় হাজার হাজার অতিথি পাখি দক্ষিণ এশিয়ার নাতিশীতোষ্ণ দেশ বাংলাদেশে আসে। দেশের যেসব এলাকায় এসব পাখি আসে তার মধ্যে জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় অন্যতম।
প্রতিবছর শীত প্রধান দেশের পাখি তীব্র শীত থেকে বাঁচতে পাড়ি জমায় বিভিন্ন নাতিশীতোষ্ণ অঞ্চলে। এ সময় হাজার হাজার পাখি অতিথি হয়ে আসে বাংলাদেশে। অতিথি পাখিরা সাধারণত আসে হাওর এলাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জলাশয়ে। শীতকালে অর্থাৎ নভেম্বর-জানুয়ারিতে অতিথি পাখি আসে, আবার মার্চের শেষ দিকে ফিরে যায় আপন ঠিকানায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেসব পাখি আসে, তার মধ্যে বেশির ভাগই হাঁস জাতীয় ও পানিতে বসবাস করে। এর মধ্যে সরালি, পচার্ড, ফ্লাইফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, মুরগ্যাধি, কোম্বডাক ও পাতারি অন্যতম। এ ছাড়া অন্য প্রজাতির পাখির মধ্যে আছে মানিকজোড়, কলাই, ছোট নগ, জলপিপি, নাকতা, খঞ্জনা, চিতাটুপি, লাল গুড়গুটি প্রভৃতি।
পাখি রক্ষায় ক্যাম্পাস কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসম ফিরোজ। সূত্রঃ- সাভার প্রতিনিধি ।
