রাজধানীর মহাখালীর বটতলা দক্ষিণ পাড়ার একটি বাসা থেকে এক গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। নিহতের নাম আইভি আক্তার (১৮)। গত শুক্রবার মধ্য রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে। শনিবার ভোরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
জানা গেছে, আইভি আক্তারের বাবার নাম আইয়ুব আলী। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার মাছবাড়ি গ্রামে। আইভি আক্তার পরিবারের সঙ্গে মহাখালী বটতলার দক্ষিণপাড়ার একি টিনসেড বাসায় থাকতেন।
বনানী থানা এসআই বিশ্বজিৎ জানান, পুলিশ খবর পেয়ে গত শুক্রবার রাত দেড়টায় ওই বাসায় যায়। সেখান গিয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে পেচানো ঝুলন্ত অবস্থায় আইভির লাশ দেখতে পান। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।
আইভির বোন আইরিন জানান, আইভি তেজগাঁও এলাকার একটি গার্মেন্টসে সহকারী হিসেবে চাকরি করতেন। রাতে গার্মেন্টস থেকে ফিরে নিজের রুমে গিয়ে গলায় ফাঁসি দেন তিনি। পরে এ ঘটনা পরিবারের লোকজন বুঝতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে গলায় ফাঁস লাগানোর কারণ জানাতে পারেননি বোন আইরিন।
