মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে এসে হাওরের পানিতে ডুবে মারা গেছে তিন ভাইবোন। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশতকা-মানিকপুর গ্রামে।
রবিবার সকাল নয়টার দিকে তিন ভাই-বোনের লাশ পানিতে ভেসে উঠলে আত্মীয়-স্বজনের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।
করিমগঞ্জ উপজেলার ভাটিয়া-গাংপাড়া গ্রামের হেলালউদ্দিনের দুই কন্যা জাহানারা আক্তার (৭) ও সাদিয়া আক্তার (৬) এবং পুত্র শেফায়েতউল্লাহ (৫) তাদের মায়ের সঙ্গে খালার বাড়ি আশতকা-মানিকপুর গ্রামে বেড়াতে যায়। গত শনিবার তারা বাড়ির পাশে একসঙ্গে খেলা করছিল। দুপুরে পর থেকে তারা নিখোঁজ হয়। এরপর থেকে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। এলাকায় মাইকিং করা হয়। তাদের খোঁজে বাড়ি সংলগ্ন হাওরের পানিতে জাল ফেলা হয়। কিন্তু শনিবার তাদের সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকাল নয়টার দিকে তাদের লাশ হাওরের পানিতে ভেসে উঠে।
করিমগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
