ঢাকা, ৩ ফেব্রুয়ারি : আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৩তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে কেক কাটা ও র্যালিসহ ডিএমপি ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
শনিবার ডিএমপি’র সকল ইউনিটে কেক কাটার মধ্য দিয়ে ডিএমপি’র প্রতিষ্ঠা দিবসের কর্মসূচী শুরু হচ্ছে। বিকাল পোনে ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে রাজারবাগ পুলিশ লাইন্স এ গিয়ে শেষ হবে।
র্যালীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া নেতৃত্ব দিবেন। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল স্তরের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করবেন। এছাড়াও থাকছে ডিএমপি’র সুসজ্জিত ব্যান্ড দল।
ডিএমপি’র প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে কবি-সাহিত্যিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশি-বিদেশী কূটনৈতিকবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত থাকবেন।
সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে । এতে দেশবরেণ্য শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করবেন।
পরিশেষে রাজারবাগ পুলিশ লাইন্স এর প্যারেড গ্রাউন্ডে মনোজ্ঞ ফায়ার ওয়ার্কস এর মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবসের আয়োজন শেষ হবে।
