যশোর, ৫ নভেম্বর : বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে তরিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে ১টি নাইন এম এম পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২টি ম্যাগজিন ও টাকাসহ একটি ইজিবাইক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত তরিকুল বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের আঃ সাত্তারের ছেলে।
৪৯ বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার শফি বলেন, শনিবার সকাল সাড়ে ৭ টার সময় এফএস করিম (নিজস্ব গোয়েন্দা) এর মারফত সংবাদ পেয়ে বেনাপোল বাজার ইসলামি ব্যাংক এর সামনে যশোর- বেনাপোল মহাসড়কের উপর থেকে ইজিবাইকসহ চালককে আটক করা হয়। পরে তাকে ক্যাম্পে এনে তল্লাশি করা হলে ইজিবাইকের ভিতর লোকানো ১টি নাইন এম এম বিদেশী পিস্তল ৩ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন ও নগদ দেড় লক্ষ টাকা পাওয়া যায়। তিনি বলেন, আটককৃতকে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাধেপাল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
তরিকুল জানায়, সে একজন ইজিবাইক চালক। সে আর একটি ইজিবাইক ক্রয় করার জন্য বাড়ি থেকে টাকা নিয়ে বেনাপোল এসেছিল। তার বাইকের ভিতর কেউ শত্রুতামূলকভাবে পিস্তল, গুলি ও ম্যাগজিন ঢুকিয়ে দিয়েছে তাকে ফাসানোর জন্য। সে আরো জানায়, সম্প্রতি তার ভাইকে এলাকার লোক হত্যা করেছিল। এর জের ধরে তাকে ফাসানোর চেষ্টা করা হয়েছে বলে জানায় সে।
