ডেস্ক রিপোর্ট: পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশের সামুদ্রিক সম্পদ রক্ষা ও টেকসই ব্যবহার নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন।
একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র সম্পদ ব্যবহার করার জন্য তিনি সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলিকেও এগিয়ে আসার আহবান জানান।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘ব্লু-ইকোনমি : সেভ এন্ড প্রটেক্ট আওয়ার সী’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকির মধ্যে বাংলাদেশের জনসংখ্যার একটি বড় অংশ বসবাস করছে। বর্তমানে ইলিশ আর লোনা জলের মাছ নয়। ইলিশ এখন উপকূলীয় এলাকার পুকুরেও চাষ করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
পরিবেশ ও বনমন্ত্রী আরো বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে সাগর ও সমুদ্র সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহারে অন্যদের অনুপ্রাণিত করতে বাংলাদেশ সরকার সব ধরনের পদক্ষেপ নিবে।
সমুদ্র সম্পদ রক্ষায় বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরতে গিয়ে আনোয়ার হোসেন মঞ্জু বলেন, অতল সমুদ্রের সংরক্ষিত এলাকার (এসওএনজি-এমপিএ) যথাযথ তদারকির লক্ষ্যে একটি সমন্বিত ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের বিস্তীর্ণ উপকূলীয় এলাকাসহ বিশ্বব্যাপী মহাসাগর, সাগর ও সমুদ্র সম্পদের সম্ভাবনা ও যথাযথ ব্যবস্থাপনার বিষয়ে আরো বেশি জ্ঞান ও সচেতনতা প্রয়োজন।
বাংলাদেশ ন্যাশনাল কমিটির অব আইইউসিএন’র চেয়ারপার্সন হাসনা জসিম উদ্দিন মওদুদের সভপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন মিডিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ ন্যাশনাল কমিটির অব আইইউসিএন’র সদস্য মাহফুজ উল্লাহ, নিলুফার বানু, ড. রাশেদ আহমদ তিতুমির, ড. ফেরদৌসি বেগম সানোয়ার হোসেন সরকার প্রমুখ।
মিতু/বিবি নিউজ/১৩৯৪
