ঢাকার ধামরাইয়ে খাবারের সন্ধানে রাজপথে বানর

৩০ আগস্ট ২০২১ (বিবিনিউজ ) :ঢাকার ধামরাইয়ের ঐতিহ্যবাহী বানর খাবারের সন্ধানে রাজপথে নেমে এসেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বানরগুলোর জন্য কোনো খাবার বরাদ্দ দেয়া হচ্ছে না। ফলে বানরগুলো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দল বেঁধে প্রতিদিনই উপজেলা গেটসহ পৌর এলাকার কোনো না কোনো বাসা বাড়িতে তাণ্ডব চালাচ্ছে। এতে অনেক সময় অতিষ্ঠ হয়ে ওঠেন পৌরবাসীরা। কিন্তু বানরের ক্ষুধা নিবারণের জন্য কেউ এগিয়ে আসছেন না।

রোববার (২৯ আগস্ট) সরেজমিনে গিয়ে জানা গেছে, দেশ-বিদেশে বিশেষভাবে কয়েকটি ঐতিহ্যের জন্য ঢাকার ধামরাই পরিচিতি। তাদের মধ্যে রথ, কাঁসা পিতল শিল্প, তাঁত, লেবু ও এতিহ্যবাহী বানর। একসময় দূর-দূরান্ত থেকে লোকজন বানর দেখার জন্য ধামরাই আসতেন। আজ সেই বানর ধীরে ধীরে খাবারে জন্য বিলুপ্ত হতে চলেছে।

খাবার না পেয়ে আজ বানরগুলো পৌরসভার বিভিন্ন রাজপথে ঘুরে বেড়াচ্ছে। অনেকে দয়া হলে বাজার থেকে কিনে তাদের সামান্য শুকনো খাবার দেন। এভাবেই বানরগুলো কোনোভাবে বেঁচে আছে।

ধামরাই পৌর মেয়র গোলাম কবির সাংবাদিকদের জানান, ধামরাইয়ের ঐতিহ্য বানর বাঁচিয়ে রাখতে আমি ব্যক্তিগতভাবে এবং পৌরসভার পক্ষ থেকে একটি বাজেট করেছি। সেই বাজেট থেকে নিয়মানুসারে আমরা বানরদের খাবার দেই। তিনি আরও বলেন, এ বৈচিত্র্যময় প্রাণিকুলকে বাঁচিয়ে রাখতে হলে বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

Related posts

Leave a Comment