মাদক ব্যবসায়ীদের হামলায় আহত ৩


৩ মার্চ ,২০২১(বিবিনিউজ): ঢাকার সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় তিনজন আহত হয়েছেন । মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে সাভার পৌরসভার সোবহানবাগ বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন পৌরসভার সবুজবাগ মহল্লার সাইফুল ইসলাম (৩৯), ছোবহানবাগের ওসমান গনি (৪৫) ও রবিউল (৩৫)। চিকিৎসার জন্য তাঁদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ছোবহানবাগ এলাকার লোকজন স্থানীয় বালুরমাঠে মাদক ব্যবসায়ীদের ধাওয়া করেন। এ সময় রাব্বি নামে এক মাদক ব্যবসায়ীকে তাঁরা মারধর করেন। এর কিছু সময় পর রাব্বির নেতৃত্বে মজিবর রহমান (৬০), বিল্লাল হোসেন (৩৫), রাহুল (২০), শরীফুল (২৫), মামুন (৩২) ও রাজু (২০) বালুরমাঠ এলাকায় অবস্থান নেন। সেখান দিয়ে বাড়ি ফেরার পথে সাইফুল, ওসমান ও রবিউল তাঁদের হামলার শিকার হন। হামলাকারীরা তাঁদের কুপিয়ে আহত করেন। এ সময় তাঁদের চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনায় আজ সাভার থানায় মামলা করা হয়েছে। মামলার পর পুলিশ শরীফুলকে গ্রেপ্তার করেছে। সাভার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সানজিদা শারমিন বলেন, সোবহানবাগ বালুরমাঠ এলাকা মাদকের আখড়ায় পরিণত হয়েছে। সম্প্রতি এলাকার লোকজন তাঁদের বিরুদ্ধে অবস্থান নেন। এর জের ধরেই মঙ্গলবার রাতে হামলার ঘটনা ঘটে।

Related posts

Leave a Comment