
সাভার,১৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে প্রভাবশালীদের দেয়া প্রায় দুই হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আশুলিয়ার চক্রবর্তী এলাকার বিভিন্ন গ্রামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় তিতাস।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কাজে তিতাসের প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন।
স্থানীয়রা জানায়, চক্রবর্তী এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে দুই বছর আগে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার সাইফুল বেপারী,কামরুল বেপারী,দুলাল বেপারী,মোশারফ বেপারী,সফুর উদ্দিন বেপারী। মঙ্গলবার সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে। এ সময় রাইজারগুলোও খুলে নেয়া হয়।
গ্যাসের পাইপগুলো অত্যন্ত নিম্নমানের হওয়ায় যেকোনো সময় ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন। তাই অবিলম্বে যারা এভাবে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছিল তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, পর্যায়ক্রমে আশুলিয়ার সবল অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। এছাড়া যারা এসব অবৈধ সংযোগ দিয়েছে তাদের বিরুদ্ধে রাতে আশুলিয়া থানায় মামলা করা হবে বলেও জানান তিনি।
গ্যাস সংযোগ বিছিন্নকালে তিতাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
