ঝিনাইদহে বাস-নসিমন সংঘর্ষে নিহত ৩

Road_accident._._._ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী নামক স্থানে বাস ও নসিমনের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন। আজ মঙ্গলবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার সাধুহাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হরিণাকুন্ডু উপজেলা কেষ্টপুর গ্রামের জাকের মণ্ডলের ছেলে আব্দুল লতিফ (৫৫), একই গ্রামের দলু মণ্ডলের ছেলে শাহিদুল ইসলাম (৪৫) ও সদর উপজেলা পান্তাপাড়া গ্রামের ইমান আলীর ছেলে রাহাজ উদ্দিন (৬০)। আহতরা হলেন- কেষ্টপুর গ্রামের খোদবক্সের ছেলে আব্দুল মমিন (৫৫), নুরুল মণ্ডলের ছেলে কামরুল ইসলাম (৫০), আঈনুদ্দিনের ছেলে আব্দুল খালেক (৪৬), সদর উপজেলা সাধুহাটি গ্রামের আওলাদ হোসেনের ছেলে আব্দুল সালাম (৪৫) ও পান্তাপাড়া গ্রামে আনোয়ারের ছেলে ছালাম হোসেন (২৫)সহ ৭ জন।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার সকালে হরিণাকুন্ডুর কেষ্টপুর গ্রাম থেকে কয়েকজন পান ব্যবসায়ী নসিমন যোগে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে যাচ্ছিল। পথে সাধুহাটি নামক স্থানে পৌঁছালে চুয়ডাঙ্গা থেকে ঝিনাইদহগামী ইএন পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাহাজ উদ্দিন নামে এক পান ব্যবসায়ী মারা যায়। আহত হয় আরও ৯ জন। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় শাহিদুল ইসলাম ও আব্দুল লতিফ মারা যায়।

আহতদের মধ্যে আব্দুল মমিন ও আব্দুল খালেকের আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের বাড়ি ঝিনাইদহ সদর ও হরিণাকুন্ডু উপজেলায়। ঘাতক বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

Related posts

Leave a Comment