ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিসি ও রাষ্ট্রদূত অধ্যাপক মনিরুজ্জামান মিঞা আজ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮১ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,সাবেক ভিসি,রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ অধ্যাপক মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে কতৃপক্ষ আগামীকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছে। তবে পূর্ব-নির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
অপরদিকে সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের মরহুম মনিরুজ্জামান মিঞার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশের কফিন আগামীকাল সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে আনা হবে। সেখানে লাশের কফিন কিছুক্ষণ রাখা হবে। ছাত্র-শিক্ষক, শুভাকাঙ্খীদের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়ায় বাদ যোহর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বিবৃতিতে উপাচার্য বলেন, অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা একজন মেধাবী শিক্ষক ছিলেন, বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদান স্মরনীয় হয়ে থাকবে। ভূগোল ও পরিবেশ বিষয়ে বিশেষত: হাইড্রোলজি ও ফিজিক্যাল জিওগ্রাফি বিশেষজ্ঞ হিসেবে তিনি বিশেষ সুনাম অর্জন করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি দায়িত্বশীল ভূমিকা রেখেছেন।
উপাচার্য তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তাঁর মৃত্যুতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন। আজ পৃথক শোক বার্তায়
তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এছাড়াও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ),ওয়ার্কার্স পার্টি প্রভৃতি সংগঠন মনিরুজ্জামান মিঞার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান মিঞার জন্ম ১৯৩৫ সালের ১ মে । তিনি ১৯৫১ সালে মেট্রিকুলেশন ও ১৯৫৩ সালে আইএসসি পাশ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বিএসসি এবং ১৯৫৭ সালে ভূগোল বিষয়ে এমএসসি ডিগ্রী অর্জন করেন। ১৯৫৮ সালে তিনি জগন্নাথ কলেজে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
১৯৬৬ সালে ইউনিভার্সিটি অব প্যারিস থেকে ‘ডক্টর ডি ’ল ইউনিভার্সিটি’ ডিগ্রী অর্জন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূগোল বিভাগে যোগদান করেন। ১৯৭৩ সালে তিনি সহযোগী অধ্যাপক এবং ১৯৮৬ সালে অধ্যাপক হিসেবে অধিষ্ঠিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কর্মকান্ডে তিনি যুক্ত ছিলেন। ১৯৯০ সালের ২৪ মার্চ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সালের ১ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয় থেকে তিনি অবসর গ্রহণ করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থ ও গুরুত্বপূর্ণ গবেষণা পত্রের সংখ্যা ১৫টি। তাঁর বেশ কিছু গবেষণাপত্র জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল ও সংকলন গ্রন্থে প্রকাশিত হয়।
ঢাবির সাবেক ভিসি ও রাষ্ট্রদূত অধ্যাপক মনিরুজ্জামান মিঞার ইন্তেকাল
