কণ্ঠশিল্পী শাহানা কাজী ঈদে নতুন একাধিক গানের ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। কানাডার টরেন্টোতে বসবাসরত এ শিল্পী সেখানে নিয়মিত গান করে যাচ্ছেন। আর এবার একাধিক ভিডিও প্রকাশ করছেন তিনি।
এ প্রসঙ্গে শাহানা বলেন, কানাডার টরেন্টো থেকে গত বছর আমার ‘ভালোবাসার কথা’ শীর্ষক বাংলা গানের প্রথম একক অ্যালবাম প্রকাশ হয়। কবির বকুলের লেখা এ গানগুলো থেকে কিছু গানের ভিডিও শ্রোতাদের জন্য তৈরি করেছি। এরমধ্যে ‘অনুশোচনা’, ‘আমি সেই দিন’সহ শিরোনামের গানটির ভিডিওসহ বেশ কিছু ভিডিও ঈদের আগে কানাডার ব্লুসম মিউজিকের ব্যানারে প্রকাশ হবে। আশা করি সবার ভালো লাগবে।
সুদূর কানাডা থেকে বাংলাদেশের মানুষের জন্য এবং সারা বিশ্বের বাঙালিদের জন্য শাহানার এই প্রচেষ্টাকে কানাডাসহ নানা দেশের বাঙালিরা অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, শাহানার ‘ভালোবাসার কথা’ অ্যালবামটি বর্তমানে আইটিউনস, অ্যাপল মিউজিক, অ্যামাজন, স্পটিফাইসহ সব জনপ্রিয় অনলাইন মিউজিক স্টোরে অডিও সিডি, এমপিথ্রি ফরম্যাটে এবং স্ট্রিমিং-এ বিশ্বব্যাপী পাওয়া যাচ্ছে। অ্যালবামটি মুক্তির পর উত্তর আমেরিকা, ইউরোপ, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানসহ বিশ্বের অনেক দেশের শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন শাহানা কাজী।
