১৪ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):মাদক সেবনে বাধা দেওয়ায় সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বাড়িতে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এঘটনায় পুলিশ অভিযুক্ত ওই দম্পতিকে আটক করেছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, নামা গেন্ডা মহল্লার বাসিন্দা সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নেশা করে আসছিলেন। পরে ওই ব্যক্তির বাড়ির প্রতিবেশী জামিয়া ইয়াসিনিয়া আরাবিয়া মাদ্রাসার হিফজু বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক (১৩) নেশা করতে বাধা দিলে রাতে মাদ্রাসার পাশ থেকে ওমর ফারুককে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে অভিযুক্ত সারোয়ার হোসেন ও তার স্ত্রী লাবনী তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। এসময় কাঁচি দিয়ে ওই শিক্ষার্থীর পা কেটে দেন তারা। পরে ওই শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের নিউ দীপ ক্লিনিকে ভর্তি করা হয়। এঘটনায় আহত ওই শিক্ষার্থীর বাবা ইমরান ফকির রাতে সাভার মডেল থানায় অভিযুক্ত ওই দম্পতিকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই দম্পতিকে আটক করেছে। আটক ওই দম্পতি এলাকায় নানা অপরাধে জড়িত বলেও জানান এলাকাবাসী। আহত ওই শিক্ষার্থী ধামরাই ফুটনগর এলাকার ইমরান ফকিরের ছেলে। দুপুরে ওই দম্পতিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে বাড়ি ভাড়া তোলাকে কেন্দ্র করে সাভারের ইমান্দিপুর এলাকায় দুই জনকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সাভারে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যায়ের তিন সদস্যকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
