ধর্ম ব্যবসায়ীদের মুখোশ খুলে গেছে:সেতুমন্ত্রী


০৫এপ্রিল ২০২১(বিবিনিউজ ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের মুখোশ খুলে গেছে। হেফাজত নেতার নৈতিক অবনমনের বিষয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা তথ্যনির্ভর ও প্রকৃত সত্য উদ্‌ঘাটন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সকালে তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর বক্তব্যে ধর্ম ব্যবসায়ীদের ‘আঁতে ঘা’ লেগেছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, জনগণ ভেবেছে, এই লজ্জাজনক ঘটনার পর তথাকথিত নেতারা জনসম্মুখে ক্ষমা চাইবেন। কিন্তু দেখা যাচ্ছে ‘চোরের মার বড় গলা’।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, তাদের (হেফাজত) একজন নেতার সোনারগাঁয়ের একটি রিসোর্টে অনৈতিক ঘটনার পর ফোনালাপসহ অন্যান্য বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এবং একজন নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে পরিচয় দেওয়া এখন আর গোপন নয়।

সেতুমন্ত্রী বলেন, এসব অনৈতিক ঘটনার সমর্থনে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের যে তাণ্ডবলীলা চলছে, তাতে এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর স্বরূপ উন্মোচিত হয়েছে। এই উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে টার্গেট করেই তারা তাদের পুরোনো পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।

ওবায়দুল কাদের এই অপশক্তিকে প্রতিহত ও পরাজিত করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব দেশপ্রেমিক জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা তাণ্ডব চালিয়েছিল, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে দেশের জনগণ রয়েছে। সুতরাং যারা পেছন থেকে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে উসকানি দিচ্ছে, অর্থায়ন করছে, তাদের মুখোশও উন্মোচন করা হবে।

কোনো ধরনের উদাসীনতা না দেখিয়ে সবাইকে শতভাগ মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান ওবায়দুল কাদের।

Related posts

Leave a Comment