স্টাফ রিপোর্টার,২৫ মার্চ ২০২১(বিবিনিউজ ): আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহামারী করোনা ভাইরাসের কারণে এবার ভিন্ন ভাবে স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি নিয়েছে সরকার। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধে।
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে সুর্যোদয়ের সাথে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেওয়া হবে তিন বাহিনীর গার্ড অব অনার। এর পর সেখানে শ্রদ্ধা জানাবেন মন্ত্রী পরিষদের সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা,যুদ্ধাহত মুক্তিযোদ্ধা,কুটনৈতিক কোরের ডিন। পরে সকাল সাত টা থেকে নয়টা পর্যন্ত বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য সমাজের সর্বস্তরের লোকজনের জন্য স্বাস্থ্য বিধি মেনে স্মৃতিসৌধে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এর পর সকালে যেকোন সময় সেখানে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সকাল নয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত সবার জন্য স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পরে আবারও বিকেল পাঁচটা পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের জন্য উন্মক্ত করে দেওয়া হবে। ইতিমধ্যে স্মৃতিসৌধে জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ করা হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ধোওয়া মোছা রংতুলীসহ সকল ধরণের কাজ সম্পন্ন করেছে সাভার গণপূর্ত বিভাগ। জাতীর বীর সন্তানদের শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ সাজানো হয়েছে নতুন রুপে বলে জানিয়েছেন সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান।
এদিকে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার তিনি বলেন,ইতিমধ্যে স্মৃতিসৌধসহ আশেপাশের এলাকায় সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করছে গোয়েন্দা সংস্থারা।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
উল্লেখ্য স্বাধীনতার এই মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ইতিমধ্যে বাংলাদেশ সফরে এসে সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে অংশে নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ,নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী,ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং,শীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতার পরে এবারেই প্রথম কোন স্বাধীনতার মাসে বাংলাদেশ সফরে এসে স্মৃতিসৌধে শহীদদের স্বরণ করলেন কয়েকটি দেশের রাষ্ট্র প্রধানরা।
