করোনায় সাংবাদিকের মৃত্যু


২৪ মার্চ ২০২১(বিবিনিউজ):নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তোফাজ্জল হোসেন (৫৩) নামের এক সাংবাদিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি তিনি নরসিংদী জেলা হাসপাতালে টিকা নিয়েছিলেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে শহরের তরোয়া এলাকার কাবুল শাহ মাজারের ঈদগাহ মাঠে জানাজা শেষে সেখানকার কবরস্থানে সাংবাদিক তোফাজ্জল হোসেনকে দাফন করা হয়। তিনি নরসিংদীর স্থানীয় সাপ্তাহিক নরসিংদীর খবরের বার্তা সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে নরসিংদীর সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

টিকা নেওয়ার প্রায় এক মাস পর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস। তিনি জানান, ‘করোনাভাইরাসে আক্রান্ত সাংবাদিক তোফাজ্জল হোসেনের শারীরিক পরিস্থিতির খোঁজখবর প্রতিদিনই রাখছিলাম। করোনায় আক্রান্ত হলেও তাঁর শরীরে সেভাবে করোনার কোনো লক্ষণ ছিল না। গতকাল রাতে হঠাৎ তাঁর শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকদের পরামর্শে তাঁকে রাজধানীর ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।’

তোফাজ্জলের পরিবারের লোকজন জানান, ২৫ ফেব্রুয়ারি ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে করোনার টিকা নেন তোফাজ্জল হোসেন। এর ১৫ দিন পর জ্বর-ঠান্ডা হওয়ায় করোনা সন্দেহে ১৬ মার্চ তোফাজ্জল হোসেনের নমুনা পরীক্ষা করানো হয়। ওই নমুনা পরীক্ষার ফলাফলে তাঁর করোনা পজিটিভ আসে। এরপর থেকেই তিনি নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। এ সময় তাঁর অন্য কোনো করোনার লক্ষণ না থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তবে গতকাল রাতে হঠাৎ তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তারপরই তাঁকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। মাধবদী এলাকায় পৌঁছার পর পথেই তাঁর মৃত্যু হয়।

তোফাজ্জল হোসেন নরসিংদী শহরের ভেলানগরে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে বাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি নরসিংদীতে সাংবাদিকতা করছেন। তিনি নরসিংদী প্রেসক্লাবের সদস্য ও সাবেক দপ্তর সম্পাদক ছিলেন।

Related posts

Leave a Comment