১৯ নভেম্বর ২০২০(বিবিনিউজ):যারা মাস্ক পরে চলাচল করছেন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হাট-বাজারে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। এ সময় মাস্ক পরিহিত ক্রেতা-বিক্রেতাদের প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। অন্যদিকে যারা মাস্ক ছাড়া চলাফেরা করছেন তাদেরকে জরিমানা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম সাপ্তাহিক হাটে অভিযান পরিচালনা শুরু করেন। দুপুর ৩টা পর্যন্ত অভিযানে পাঁচজনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। আর যারা মাস্ক পরে চলাচল করছেন, তাদের প্রত্যেককে দেওয়া হচ্ছে একটি করে নতুন মাস্ক।
ইউএনও আশরাফুল আলম বলেন, ‘করোনাভাইরাস নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে সচেতন করার জন্যই এমন উদ্যোগে নেওয়া হয়েছে। জনসচেতনতায় এই অভিযান অব্যাহত থাকবে।’
