শেখ বাশার,১০ সেপ্টেম্বর ২০২৬(বিবিনিউজ):প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, কর্মকর্তা এবং অভিভাবকদের সাথে শিশু শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ও পিটিআইয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আজকের এই সেমিনার থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন। কোনো শিশুই যেন বিদ্যালয়ের বাইরে না থাকে, প্রতিটি শিশুকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। শিশুদের নিয়ে বিশেষ ব্যাচ বা কার্যক্রমের মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। শিক্ষার মান উন্নয়নে আমরা অনেক নতুন প্রকল্প হাতে নিয়েছি এবং মনিটরিংসহ প্রশাসনিক কার্যক্রমে অনেক পরিবর্তন আনা হচ্ছে।” এ সময় তিনি শিশুদের নাস্তার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের জন্যও বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনার কথা জানান।

”Accountability, School Leadership, and Community Engagement” শীর্ষক দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যালয়ের পরিবেশ উন্নত করতে এবং শিক্ষার গুণগত মান বাড়াতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে।ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার আজমল হকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোঃ আব্দুর রহিম, পরিচালক (প্রশিক্ষণ) মিজ্ মাহবুব্বা আইরিন, পরিচালক (অর্থ) মোঃ মাহবুবুর রহমান বিল্লাহ ।

কর্মশালায় ঢাকা বিভাগের সকল জেলার উপপরিচালক, পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট, উপজেলা শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা ও প্রশিক্ষণ সেন্টার-এর ইন্সট্রাক্টর ও সহকারী শিক্ষা অফিসারসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রাথমিক শিক্ষার আধুনিকায়ন, ইউআরসিসহ অন্যান্য অফিসের শূন্য পদ পূরণ এবং প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
