
১ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ) : কালিদু কুলিবালির আত্মঘাতি গোলে সিরি এ লীগে রোমাঞ্চকর ম্যাচে রানারআপ নাপোলিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে চ্যাম্পিয়ন জুভেন্টাস।
নাটকীয় ম্যাচে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরও সমতায় ফিরেছিল সফরকারী নাপোলি। তারপরও শেষ রক্ষা হলনা। ইনজুরি সময়ে পাওলো দিবালার ফ্রি কিকের বল প্রতিহত করতে গিয়ে উল্টো হাতের ছোঁয়ায় নিজেদের জালে বল জড়িয়ে দেন সেনেগালি আন্তর্জাতিক ডিফেন্ডার কুলিবালি। এতেই কপাল পুড়ে নাপোলির। আর এই জয়ে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখে একক ভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আটবারের টানা চ্যাম্পিয়নরা।
পরে এক টুইট বার্তায় কুলিবালি বলেন,‘ ওই আত্মঘাতি গোলটি আমাকে খুবই আহত করেছে। কারণ আমরা দারুনভাবে লড়াইয়ে ফিরেছিলাম। এ জন্য আমি খুবই দু:খিত। এখন আমাকে বা আমাদেরকে এটি মেনে নিতে হবে। অথচ আমরা যথেষ্ঠ শক্তিশালী। যা আমরা দেখিয়েছি। আগামীতেও আমরা প্রমাণ দেব।’
কুলিবালি নাপোলির গোটা অর্জনটিকেই ব্যর্থ করে দিয়েছে। মাত্র আধা ঘন্টারও কম সময়ের মধ্যে একেবারেই মৃত ম্যাচটিকেই ফের জাগিয়ে তুলেছিল নাপোলি। ম্যাচের ১৬ মিনিটে ডানিলোর গোলে এগিয়ে যাওয়া জুভেন্টাসকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন ধারে এসি মিলান ও চেলসিতে খেলে আসা গঞ্জালো হিগুয়েইন। বিরতির পর ৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলে ৩-০ গোলের নিরাপদ দূরত্বেই পৌঁছে গিয়েছিল মরিজিও সারির শিষ্যরা।
কিন্তু এর পর পরই ঘুরে দাঁড়ায় নাপোলি। কয়েক মিনিটের মধ্যেই কস্তাস ম্যানোলাস ও হিরভিং লোজানোর পরপর দুই গোলে লড়াইয়ে ফিরে আসে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। শেষ বাঁশি বাজার ৯ মিনিট আগেই জিওভান্নি ডি লরেঞ্জো গোল করে সমতায় ফিরিয়ে আনে সফরকারীদের। ফলে জুভেন্টাসের কাছ থেকে যখন এক পয়েন্টে ছিনিয়ে নেয়ার স্বপ্ন দেখছিল তখনই নাপোলি শিবিরে নেমে আসে অন্ধকার। ইনজুরির দ্বিতীয় মিনিটে কুলিবালির আত্মঘাতি গোল গোটা প্রক্রিয়াটিকেই নস্যাৎ করে দেয়। ফের পেছন ঠেলে দেয় সফরকারীদের। ফলে নাটকীয় এক জয় নিশ্চিত হয় চ্যাম্পিয়ন জুভেন্টাসের।
খেলা শেষে হিগুয়েইন বলেন,‘ এটি ছিল ঝড়ের মত। আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। ফলে তারা সমতায় ফিরে আসে। তবে শেষ পর্যন্ত আমরা প্রত্যাশিত জয়টিই পেয়েছি।’
হাঁটুর ইনজুরির কারণে অধিনায়ক জিওরর্জিও চিয়েলিনি এবং নিউমোনিয়ার সঙ্গে সংগ্রামরত কোচ সারির অনুপস্থিতি কিছুটা নড়বড়ে করে তুলেছিল বর্তমান চ্যাম্পিয়নদের। আর এই ঘটনাটিকে ‘সুযোগের অপব্যবহার’ বলে মন্তব্য করেছেন নাপোলির কোচ আনচেলোত্তি।
তিনি বলেন,‘ এটি ছিল ইতিবাচক পারফর্মেন্স। প্রথম ঘন্টায় আমরা ভাল করতে পারিনি। তবে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরও আমার ম্যাচে ফিরে এসেছিলাম। জুভেন্টাসের বিপুল সংখ্যক বিকল্প অস্ত্র ও মানসম্পন্ন খেলোয়াড় রয়েছে। আমরা জানি মৌসুমের গুরুত্বপুর্ন মুহুর্তে তারা একপা এগিয়ে যাবার চেস্টা করবে। আজ আমরা সুযোগ হাতছাড়া করেছি।’
লিগের আরেক ম্যাচে তুরস্কের মিডফিল্ডার হাকান চালহানগলু’র একমাত্র গোলে নবাগত ব্রেসিয়ার বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করেছে এসি মিলান। ম্যাচের ১২ মিনিটে স্প্যানিশ উইঙ্গার সুসোর ক্রস থেকে জয়সুচক গোল করেন ২৫ বছর বয়সি হাকান। এর ফলে পুর্ন তিন পয়েন্ট আদায় করল প্রথম ম্যাচে উদিনেসের কাছে হেরে যাওয়া এসি মিলান।
