কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির সঙ্গে মাদক পাচারকারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হায়দুল ফরাজী (২৪) নামে এক মাদক পাচারকারী নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার জামালপুর গ্রামে ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা কুর্মিপাড়া মাঠে এ ঘটনা ঘটে। হায়দার জামালপুর গ্রামের প্রবাসী হাবু ফরাজীর ছেলে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ খান জানান, রবিবার দিবাগত সাড়ে তিনটার দিকে ১০-১৫ জন মাদক চোরাচালানকারী ভারত থেকে মাদক নিয়ে ১৫২ সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় জয়পুর বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক চোরাচানালীরা পর পর ৩ রাউন্ড গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরা পাল্টা ৭ রাউন্ড গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে এক মাদক পাচারকারী নিহত হয়।
দৌলতপুর থানার ওসি শাহ দারা খাঁন জানান, নিহত মাদক পাচারকারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৫ রাউন্ড বন্দুকের গুলি, ৮ প্যাকেট গাঁজা ও বেশ কয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
