টাঙ্গাইল, ২২ ডিসেম্বর : জেলার কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে আজ বিকেলে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- রনি বেগম (২৬) ও তারা বানু (৫৫)।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তারা হলেন- সোহেল রানা, অন্তর ও আবুল কাশেম। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে বড় বিন্যাফৈর গ্রামে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, হতাহতরা টাঙ্গাইল থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে ভূঞাপুরে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। এসময় তাদের বহনকারী অটোরিকশাটি কালিহাতী উপজেলার যদুরপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দুই নারী মারা যান। গুরুতর আহত অবস্থায় ওই অটোরিকশার চালকসহ তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার কারণে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে যান চলাচল স্বাভাবিক করেন। ঘাতক বাসের চালক বা হেলপার কাউকে আটক করা যায়নি।
স্থানীয় আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন জানান, এই সড়কের যদুরপাড়া মোড়ে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরো দায়িত্ববান হওয়া প্রয়োজন।
টাঙ্গাইলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত, আহত ৩
