ফেরদৌসী প্রিয়ভাষিণী হাসপাতালে

অনলাইন ডেস্ক,  ৯ নভেম্বর : অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী।

গোড়ালিতে প্রচণ্ড চোট নিয়ে বুধবার দুপুরে তিনি ল্যাব এইড হাসপাতালে যান। পরে অর্থোপেডিকস বিভাগে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি দুই দফায় সংজ্ঞাহীন হয়ে পড়েন।

এর পর অধ্যাপক বারীণ চক্রবর্তীর নেতৃত্বে তার চিকিৎসায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। এ বোর্ডের পরামর্শে বুধবার রাতে তার গোড়ালির অপারেশন করা হয়।

৭০ বছর বয়সী মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী দীর্ঘদিন থেকে উচ্চ রক্তচাপে ভুগছেন। তার রক্তে পটাসিয়াম ও হিমোগ্লোবিন একেবারেই কম। এছাড়াও তিনি হৃদপিণ্ড ও কিডনি জটিলতায় ভুগছেন।

ল্যাব এইডের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেলিন জানান, মঙ্গলবার রাতে স্নানঘরে পড়ে গিয়ে গোড়ালিতে প্রচণ্ড চোট পান ফেরদৌসী প্রিয়ভাষিণী। গোড়ালির একটি হাড় ডিজলোকেটেড বা স্থানচ্যুত হয়।

তিনি জানান, বুধবার দুপুরে অর্থোপেডিকস বিভাগে তার চিকিৎসা চলাকালে ব্যথা ও মানসিক ভীতি থেকে একটি প্রচণ্ড শক খান। এ সময় তার বিপি পাওয়া যাচ্ছিলো না। পরে ডা. বারীণ চক্রবর্তী যখন তাকে দেখেন, তখনও আবার শক খান তিনি। দ্বিতীয় শকটি ভীতিজনক। এজন্যই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনায় জন্মগ্রহণ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী। ১৯৭১ সালে তিনি পাক হানাদের কাছে নির্যাতিত হন। স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশ সরকার তাকে মুক্তিযোদ্ধা খেতাব দেয়।

এর আগে ২০১০ সালে তিনি স্বাধীনতা পদক পান। ২০১৪ সালের অমর একুশে বইমেলায় তার আত্মজৈবনিক গ্রন্থ ‘নিন্দিত নন্দন’ প্রকাশিত হয়।

Related posts

Leave a Comment