জনপ্রিয় মুখ সিয়াম আহমেদকে দর্শক এবার দেখবেন রূপালি পর্দায়। ‘পোড়ামন ২’-তে যে তিনি অভিনয় করছেন তা এখন সবার জানা। এরইমধ্যে শুটিংও শুরু করেছেন তিনি। শুটিং ব্যস্ততা নতুন না হলেও এমন আবহাওয়া সিয়ামের জন্য নতুন।
তাই অভিজ্ঞতার কথাগুলোও ভিন্ন। মেহেরপুর শহরের আশেপাশেই গত ১ মাসেরও বেশি সময় ধরে সময় কাটছে চলচ্চিত্রের নতুন নায়ক সিয়াম আহমেদের। চলচ্চিত্রের কাজে টানা ব্যস্ত থাকায় আপাতত টিভি নাটকে বা টেলিফিল্মে অভিনয় থেকে দূরে আছেন।
তবে তার সহকর্মীরা চলচ্চিত্রে তার শুভারম্ভ নিয়ে দারুণভাবে উচ্ছ্বসিত। সকলেরই প্রত্যাশা সিয়াম অভিনীত ‘পোড়ামন ২’ দর্শকপ্রিয়তা পাবে। সিয়ামও সেই আশাই করছেন।
সিয়াম বলেন, ‘এই চলচ্চিত্রে যাদের সঙ্গেই কাজ করছি প্রত্যেকেই আমাকে খুব সহযোগিতা করছেন। যেমন আনোয়ারা ম্যাডাম, ফজলুর রহমান বাবু ভাই, বাপ্পারাজ ভাই। আমরা যে সবাই মিলে একটি ভালো কাজ করতে চাচ্ছি তারই দৃষ্টান্ত হতে যাচ্ছে এই চলচ্চিত্রটি। এমন দৃষ্টান্ত সত্যিই সচরাচর পাওয়া যায় না। সবার মধ্যে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কও তৈরি হয়েছে। যে কারণে কাজটিও খুব ভালো হচ্ছে। আর আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, অভিনয় অভিনয়ই। ছোটপর্দা বা বড়পর্দা হোক, অভিনয়ের কোনো বিকল্প নেই। পরিচালক রায়হান রাফীর নির্দেশনায় কাজ আমি বেশ উপভোগ করছি।’
