রোহিঙ্গা পুনর্বাসনে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে : স্পিকার

ঢাকা, ২৫ সেপ্টেম্বর : স্পিকার ও সিপিএ’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, রোহিঙ্গাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহীত পদক্ষেপ শান্তি প্রতিষ্ঠায় বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। রোহিঙ্গাদের মানবিক সাহায্য ও আশ্রয় দেয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় মনোবল ও সাহসী নেতৃত্বের জন্য এটা সম্ভব হয়েছে।
তিনি গতকাল সংসদ সদস্যদের পক্ষ থেকে কক্সবাজারের উখিয়ার বালুখালি-২ নম্বর শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া মায়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
স্পিকার বলেন, বাংলাদেশের মানুষ সব সময় নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। এবারো বন্ধুত্বের হাত বাড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নিয়ে বলেছেন, বাংলাদেশের ষোল কোটি মানুষ রোহিঙ্গাদের সাথে খাবার ভাগাভাগি করে খাবে। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বেশির ভাগ নারী ও শিশু। নির্যাতিত এ সকল নারী ও শিশুদের পাশে দাঁড়াতে সংসদ সদস্যগণ এখানে ছুটে এসেছেন। মানবিক মূল্যবোধের চেতনায় উজ্জ্বীবিত বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের বিপদে সাহায্যের হাত বাড়িয়েছে। এ বিপুল সংখ্যক মানুষকে তাদের নিজ দেশে শান্তিপূর্ণ প্রত্যাবর্তনে বাংলাদেশ বিশ্ব নেতৃবৃন্দের জোরালো ভূমিকা চায়। তিনি বলেন, এ দেশের মানুষ জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্থাপিত পাঁচ দফার দ্রুত বাস্তবায়ন দেখতে চায়। প্রধানমন্ত্রীর আহবানে রোহিঙ্গাদের পুনর্বাসনও প্রত্যাবর্তনের ইস্যুতে ইতোমধ্যে বিশ্ব বিবেক জাগ্রত হয়েছে।
স্পিকার আনান কমিশনের রিপোর্ট নি:শর্ত বাস্তবায়ন ও মায়ানমার অংশে নিরাপদ অঞ্চলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারের প্রতি আহবান জানান। তিনি স্থানীয় জনপ্রতিনিধি, জনগণ, বেসরকারী সংস্থাসমূহ এবং মিডিয়া প্রতিনিধিদের মানবিক সাহায্য সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এ সময় ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো: শাহাব উদ্দিন, কাজী ফিরোজ রশিদ এমপি, নূর ই আলম চৌধুরী এমপি, সাইমুম সরওয়ার কমল এমপি, আবদুর রহমান, ইউসুফ আব্দুল্লাহ হারুন, আশেক উল্লাহ রফিক এমপি, সাহজাহান কামাল এমপি, সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি ও আয়েশা ওয়াসিকা খান এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেখানে স্পিকার শিশুদের জন্য জীবন রক্ষাকারী কুড়ি কার্টন ওষুধ ও নগদ দশ লাখ টাকার ত্রাণের চেক বিতরণের জন্য জেলা প্রশাসকের নিকট হস্তান্তর করেন।

Related posts

Leave a Comment