হবিগঞ্জে রেকর্ডসংখ্যক মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

durgaবিবি নিউজ , হবিগঞ্জ, ২১ সেপ্টেম্বর : মহালয়ার মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। মন্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হবিগঞ্জ জেলায় এবার রেকর্ড সংখ্যক ৬২৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মাঝে সার্বজনীন ৬০৫টি এবং ব্যক্তিগত ১৮টি।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুক কুমার দেব মনা জানান, পূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। জেলার সকল সার্বজনীন পূজামন্ডপের জন্য সরকারিভাবে ৫০০ কেজি করে চাল বরাদ্দ এসেছে। হবিগঞ্জ সদর, হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জ পৌরসভা এবং লাখাই উপজেলার সকল সার্বজনীন পূজামন্ডপের জন্য হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো.আবু জাহির ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করেছেন। হবিগঞ্জ পৌরসভা শহরের পূজামন্ডপগুলোর জন্য ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করে।
হবিগঞ্জ জেলার মধ্যে সদর উপজেলায় ৯০টি, লাখাই উপজেলায় ৬২টি, আজমিরীগঞ্জ উজলায় ৩৫টি, বানিয়াচং উপজেলায় ১০৭টি, চুনারুঘাট উপজেলায় ৭৬টি, মাধবপুর উপজেলায় ১১৭টি, বাহুবল উপজেলায় ৪৮টি, নবীগঞ্জ উপজেলায় ৮১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর ব্যবস্থা। এছাড়াও দুর্গাপূজা যেন নির্বিঘেœ অনুষ্ঠিত হয় সে জন্য নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র‌্যাব পুলিশের পাশাপাশি মোতায়েন থাকবে সাদা পোশাকের নজরদারি। আজান ও নামাজের সময় ঢাকঢোল বাজানোও নিষিদ্ধ করা হয়েছে।
হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেন, হবিগঞ্জ জেলায় এ বছর ৬২৩ টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। পূজামন্ডপগুলোকে ৩ ভাগে ভাগ করেছে জেলা পুলিশ প্রশাসন। এর মধ্যে ১২৮টি পূজামন্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে রাখা হয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ ও সাধারণ হিসেবে অন্যান্য পূজামন্ডপগুলোকে রাখা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ ১২৮টি মন্ডপের মধ্যে প্রতিটি মন্ডপে ৮ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে। আনসার ছাড়াও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, পূজা চলাকালীন সময়ে যাতে করে যানজটের সৃষ্টি না হয় সে জন্য বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করবে। এছাড়াও রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন করার বিষয়টি পূজা উৎযাপনপরিষদের নেতৃবৃন্দকে অবগত করা হয়েছে।
তিনি বলেন পূজার সময় অনেক নারী-পুরুষ বাসাবাড়ি বন্ধ রেখে পূজায় চলে আসেন। এসময় এক শ্রেণীর দুস্কৃতকারীরা চুরির চেষ্টা করে। এ কারণে পুলিশ বাসা বাড়ির নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে দেখছে।

 

 

 
দিয়া ইসলাম / বিবি নিউজ / ১৩৫

Related posts

Leave a Comment