বিবি নিউজ , ঝালকাঠি, ১৬ সেপ্টেম্বর : জেলায় শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠানের প্রস্তুতি পুরোদমে এগিয়ে চলেছে। ইতোমধ্যে প্রতিমা তৈরীর পর শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় মৃম্ময়ী প্রতিমা ধীরে ধীরে চিন্ময়ী মাতৃ রূপ ধারণ করছে।
আয়োজকরাও ব্যস্ত পূজা আয়োজনের কাজে। তারা জানান, এবছর ঝালকাঠি সদর উপজেলায় ৭২ টি, কাঠালিয়ায় ৫৭ টি, রাজাপুর উপজেলায় ২০টি ও নলছিটিতে ২১টিসহ জেলায় মোট ১৭০টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
প্রতিমা শিল্পী উত্তম পাল জানান, এ বছর কাজের চাপ যথেষ্ট বেশি। ফলে আয় বাড়বে এমনটাই আশা করছেন তারা। তবে যেভাবে জিনিস পত্রে দাম বেড়েছে মজুরি সেভাবে বাড়েনি।
জেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক তরুন কর্মকার জানান, জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আড়ম্বরপূর্ণ এবং উৎসব মূখর পরিবেশে পূজা উদযাপনের জন্য যাবতীয় সহযোগীতা করা হবে।
জেলা প্রশাসক মো. হামিদুল হক জানিয়েছেন , জেলায় এপর্যন্ত ১৭০ পূজা ম-পের তালিকা করা হয়েছে ।এসব মন্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণও করা হয়েছে। শান্তি- শৃংখলা রক্ষায় পূজা মন্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে।
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৮৫
