ডেস্ক রিপোর্ট: ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন শনিবার লাখো মুসল্লির উপস্থিতিতে ফজরের নামাজের পর থেকেই কোরআন-হাদিসের আলোকে চলছে মুরব্বীদের বয়ান। লাখো মুসল্লির আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে উঠেছে তুরাগ তীর।
ইজতেমার মুরব্বিরা জানান, আজ দ্বিতীয় দিনে হেদায়েত ও তাশকিলের বয়ান হবে। রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। আগামী ২০ জানুয়ারি শুরু হবে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে যোগ দেবেন দেশের ১৬টি জেলার মুসল্লিরা।
শনিবার ভোর থেকেই কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লির আল্লাহু আকবার ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ তীর। বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিলে মশগুল মুসল্লিরা। তবে তীব্র শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মুসল্লিদের প্যান্ডেলের বাইরে যেতে দেখা যায়নি।
ইজতেমা ময়দানে গত রাতে আরো এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়াল সাতজনে।
মিতু/বিবি নিউজ/১১২৯
