শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১৪ কেজি স্বর্ণ, মোবাইল সেট ও সিগারেট উদ্ধার : আটক ৪

Shahjalal-Airport-300x169হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ১৪ কেজি স্বর্ণ, দেড় শতাধিক মোবাইল সেট ও বিপুল পরিমাণ বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে।
শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য আনায় এসময় ৪ যাত্রীকে আটক করা হয়।
বাসস’র বিমানবন্দর সংবাদদাতা জানান, বিমানবন্দরে দুই যাত্রীর কাছ থেকে ১৪ কেজি ৩৩০ গ্রাম সোনার বার ও অলংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ কর্তৃপক্ষ। আটককৃত যাত্রীরা হচ্ছে- মামুন খান ও মুরাদ খান। জব্দ হওয়া সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ কোটি ১৬ লাখ টাকা।
সহকারী কমিশনার রেজাউল করিম জানান, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে টিজি-৩২১ নম্বরের ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে ঢাকায় অবতরণ করে। ওই বিমানের যাত্রী ছিল মামুন খান ও মুরাদ খান নামে দুই ব্যক্তি। তারা বিমান থেকে নেমে সাথে থাকা লাগেজ ও মালামাল নিয়ে দ্রুত বের হচ্ছিলো।এ সময় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তল্লাশী করলে এসব সোনার বার ও অলংকার পাওয়া যায়।
আটককৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় সোনা চোরাচালান আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অপরদিকে বিমানবন্দরে শতাধিক মোবাইল হ্যান্ডসেট ও ১৩৯ কার্টুন বিদেশী সিগারেটসহ দুই যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কর্তৃপক্ষ।
আটককৃতরা হচ্ছে- রাসেল আহমেদ (৪৫) ও শাকিল ইমরান (৩৫)। আটক হওয়া মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৬৭ হাজার টাকা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল ও ১ নম্বর ক্যানোপি এলাকা থেকে এসব মালামাল উদ্ধার করে এপিবিএন পুলিশ।
আটক হওয়া স্যামসাংয়ের মোবাইল সেট ও সিগারেটের বর্তমান বাজার মূল্য প্রায় ১৪ লাখ ৬৭ হাজার টাকা।
এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মিডিয়া তানজিনা আক্তার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এয়ার অ্যারাবিয়ান জি-৯-৫১১ নম্বরের একটি ফ্লাইটে দুবাই থেকে রাসেল আহমেদ ও শাকিল ইমরান নামে দুই ব্যক্তি ঢাকায় আসে। বিমানবন্দরে নেমে তারা গ্রিন চ্যানেল পার হয়ে তড়িঘরি করে মালামাল নিয়ে বাইরে বের হচ্ছিলেন।এ সময় তাদের গতিবিধি লক্ষ্য করে সন্দেহজনক মনে হলে লাগেজ ও অন্যান্য মালামাল তল্লাশী করে শতাধিক মোবাইল হ্যান্ডসেট ও ১৩৯ কার্টুন বিদেশী সিগারেটসহ তাদের আটক করা হয়।
এর মধ্যে যাত্রী রাসেল আহমেদের কাছ থেকে ১০০ পিস স্যামসাং কোম্পানির মোবাইল হ্যান্ড সেট উদ্ধার করা হয়। অপর যাত্রী শাকিল ইমরানের কাছ থেকে পাওয়া যায় ১৩৯ কার্টুন ইজি লাইট নামক বিদেশী সিগারেট।
বিমানবন্দর থানায় এপিবিএন পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আসামীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে।

Related posts

Leave a Comment