সাঁড়াশি অভিযানে ৩৭ জঙ্গীসহ আটক ৩ হাজার ১’শ ৫৫ জন

pulish-2- দেশব্যাপী সন্ত্রাসী ও জঙ্গী বিরোধী বিশেষ অভিযানে সারা দেশে গত ২৪ ঘন্টায় ৩৭ জঙ্গীসহ মোট ৩ হাজার ১৫৫ ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানিয়ে বলা হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে অস্ত্র, গুলি, গানপাউডার, জিহাদি বই প্রভৃতি উদ্ধার করা হয়।
অন্যদিকে,সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে বিশেষ অভিযানে দেশের বিভিন্ন জেলায় গতরাত থেকে আজ বিকেল পর্যন্ত কয়েক শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

চট্টগ্রাম নগরী ও জেলা থেকে গত ২৪ ঘন্টায় ৩৭৬ জন, রাজশাহী নগরী ও জেলা থেকে আজ সকাল পর্যন্ত ১৫০ জন, ময়মনসিংহ শহর থেকে ১২ জন, নাটোর জেলার বিভিন্ন জায়গা থেকে ১৭ জন এবং যশোর জেলার বিভিন্ন এলাকা থেকে আজ ১০১ জনকে আটক করা হয়।
পুলিশ চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ অভিযানে আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৮ জামায়াত-শিবির কর্মিসহ ৩৭৬ জনকে আটক করেছে।
এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আবদুল আউয়াল বলেন, আটকের পাশাপাশি অভিযানে দুইটি রাইফেল, দুইটি লাইটগান ও আটটি কার্তুজ উদ্ধার করা হয়।
রাজশাহী নগরীর ৪টি থানা এবং জেলার ৯টি উপজেলা থেকে আজ সকাল পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশ (জেএমবি)-এর ১৩ ক্যাডার এবং শিবিরের ১ ক্যাডার সহ ১৫০ ব্যক্তিকে আটক করা হয়েছে।
রাজশাহীর পুলিশ সুপার নিসারুল আরিফ এই আটকের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই বিশেষ অভিযান চলবে।
ময়মনসিংহ জেলা সংবাদদাতা জানান, আজ সকালে শহরের দুইটি ছাত্র মেস থেকে পৌর শিবিরের সাধারণ সম্পাদক সহ ১২ শিবির কর্মিকে আটক করা হয়।
এ কথা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল ইসলাম জানান, অভিযানের সময় শিবিরের আস্তানা থেকে জিহাদি বই, লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
যশোর বিশেষ অভিযানে আজ জেলার আটটি উপজেলা থেকে ১০১ ব্যক্তিকে আটক করা হয়। জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে দুইজন নারী রুকনসহ ১৮ জন জামায়াত কর্মি এবং ৫ জন বিএনপির কর্মি।
এ ব্যাপারে যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, আটককৃত বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। জামায়াত কর্মিদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
বাসস-এর নাটোর প্রতিনিধি জানান, জেলার বিভিন্ন জায়গা থেকে আজ সকাল পর্যন্ত এক জামায়াত কর্মিসহ ১৭ ব্যক্তিকে আটক করেছে। জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধির জন্য ১৬ ব্যক্তিকে আটক করা হয়।
নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জি বলেন, বিশেষ অভিযান চলবে।

Related posts

Leave a Comment