সামাজিক দ্বন্দ্বের কারণে ইউপি নির্বাচনে সহিংসতা হয়েছে : মাহবুব-উল আলম হানিফ

hanif-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, সামাজিক দ্বন্দ্বের কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্যান্য বারের তুলনায় সহিংসতা বেশি হয়েছে।

তিনি বলেন, কোন সরকারই সহিংসতা চায় না। কারণ সহিংসতা হলে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
মাহবুব-উল আলম হানিফ আজ রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে অর্থ উপ-পরিষদের সাথে অন্যান্য উপ-পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন।
আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে গঠিত বিভিন্ন উপ-পরিষদের কাজের অগ্রগতি এবং সম্মেলনে তাদের ব্যয় সম্পর্কে আলোচনা করা হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনে প্রায় সাড়ে ছয় হাজার কাউন্সিলর ও ২০ হাজারের বেশি ডেলিগেট অংশ গ্রহন করবেন। সম্মেলনে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অংশ গ্রহন করবে।
তিনি বলেন, বিদেশী অতিথিদের আমন্ত্রণ জানানো অব্যাহত রয়েছে। ইতোমধ্যে সম্মেলনে ৫০ জন রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Related posts

Leave a Comment