স্টাফ রিপোর্টার,১৮ ফেব্রুয়ারি ২০২১(বিবিনিউজ):ধর্ষণের মামলা তুলে নিতে বাদীকে ভয়-ভীতি দেখানোর অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম নুর উদ্দিন। সে রাজবাড়ীর বালিয়াকান্দির মৃত ইসলামের ছেলে।
বৃহস্পতিবার ভোরে সাভারের চাপাইন এলাকা থেকে আটক করা হয় তাকে।
মামলা এবং গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। পুলিশ জানায়, চাকরি দেওয়ার নাম করে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি সাভারের ওয়াপদা রোড এলাকার ইতালি ফেরত প্রবাসী সাদিকুর রহমান সেলিমকে আটক করে পুলিশ।
আদালত থেকে জামিনে মুক্ত হয়ে তিনি ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারকে মামলা তুলে নোর জন্য নানাভাবে আর্থিক প্রলোভন দেন।
সাড়া না পেয়ে ভিন্ন কৌশল নেন তিনি। তার পক্ষে মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে ধর্ষণের শিকার ওই নারী ও তার পরিবারকে চাপ দিয়ে আসছিলেন সেলিমের সহযোগী ব্যবসায়ী ও হকার্স লীগ নেতা নুরুদ্দিন।
মামলা তুলে না নেয়া হলে ধর্ষণের কথিত ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি। নিরুপায় হয়ে পরিবারটি সাভার মডেল থানায় অভিযোগ করলে পুলিশ মামলা গ্রহণ করে গ্রেপ্তার করে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেলিমের সহযোগী নুরুদ্দিন কে।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) আল আমিন জানান, চাকরি দেওয়ার নামে অসহায় এক তরুণীকে ধর্ষণের পর গ্রেপ্তার এড়াতে প্রভাবশালীদের আশ্রয় নিয়েছিলেন সাভার ওয়াপদারোড এলাকার মৃত মজিবর রহমানের ছেলে ইতালি ফেরত সাদিকুর রহমান সেলিম।
সুবিধা করতে না পেরে শেষমেশ তার সহযোগী নুরুদ্দিন কে দিয়ে ধর্ষণের চিত্র ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয ভীতি দেখাতে থাকেন ওই পরিবারটিকে।
কল রেকর্ড এবং বিভিন্ন প্রমাণাদি হাতে আসার পর মামলা দায়ের করা হয় এবং ব্যবসায়ী নুরুদ্দিন কে গ্রেফতার করা হয়।
বাদীকে ভয়-ভীতি দেখানোর অভিযোগে মাছ ব্যবসায়ীকে গ্রেফতার
