৪ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশা করছেন, ভারত থেকে যথাসময়ে করোনাভাইরাসের টিকা আসবে। তিনি বলেন, ‘সমস্যাটা নতুন। আজকেই শুনলাম। এর মধ্যেই যতটুকু কথা হয়েছে, তাতে আশা করছি সমস্যার সমাধান হবে।’
আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার খবর আসার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। ভারতের হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। তা ছাড়া তাঁরা কথা বলেছেন ভারতের সেরাম ইনস্টিটিউটের এদেশীয় এজেন্ট বেক্সিমকোর কর্মকর্তাদের সঙ্গে। তাঁদের সঙ্গে কথার পরিপ্রেক্ষিতে এবং টিকা নিয়ে আন্তর্জাতিক চুক্তি থাকার কারণে আমরা আশাবাদী, কোনো সমস্যা হবে না।’ মন্ত্রী আরও বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্বের ওপর আমার আস্থা আছে।’
একই সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান বলেন, তাঁর একটি বার্তা আছে। এ সময় মন্ত্রী বলেন, তিনি যা বলেছেন, তাই যেন বলা হয়। তখন সচিব বলেন, ভারতে টিকা রপ্তানির ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তার প্রভাব বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির ওপর পড়বে না। তিনি বলেন, তাঁর সঙ্গে বাংলাদেশে ভারতের ডেপুটি হাইকমিশনারের কথা হয়েছে। যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে, তা দেশটির অভ্যন্তরীণ বিভিন্ন সংস্থার সঙ্গে হওয়া চুক্তি। বাংলাদেশ যে চুক্তি করেছে, সেটা সরকারের সঙ্গে সরকারের। এটা আন্তর্জাতিক চুক্তি। নিষেধাজ্ঞার আওতায় সেটি পড়বে না। তা ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিন কোটি ডোজ টিকার কথা বলেছেন।
সচিব বলেন, সুতরাং, হতাশ হওয়ার কিছু নেই। দুশ্চিন্তারও কিছু নেই। তা ছাড়া সেরামের টিকার অনুমোদন দিয়েছে ভারতের সরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেতে আরও তিন সপ্তাহের মতো সময় লাগবে। তাই বাংলাদেশে টিকা আসার যে সময় নির্ধারণ করা হয়েছে, সে সময়ই টিকা আসবে।
