০৯ অক্টোবর ২০২০(বিবিনিউজ):ভারতে পাচারের সময় ১১ বছরের এক শিশু ও এক নারীকে উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। সেই সাথে তিন নারী পাচারকারীকেও আটক করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে সাভারের আমিনবাজার বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে উদ্ধার ও পাচারকারীকে আটক করা হয়।
র্যাব জানায়, রাতে সাভারের আমিনবাজার এলাকায় একটি পাচারকারী চক্র ১১ বছরের এক শিশু ও এক নারীকে ভালো বেতনে চাকুরী দেয়ার কথা বলে ভারতে পাচার করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে ঐ এলাকায় অভিযান চালায়। এসময় পাচার করার সময় ১১ বছরের এক শিশু ও এক নারীকে উদ্ধার করা হয়। সেই সাথে পাচারকারী চক্রের মুল হোতা আক্তারুজ্জামান বশির (৪২), শহীদ মিয়া (৫১), ও মানিক বেপারীকে আটক করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, রাজধানীর বিভিন্ন এলাকা হতে অসহায় গরীব ছোট বাচ্চাসহ নারীদের মোটা অংকের বেতনে চাকরি প্রদানের আশ্বাস দেখিয়ে ভারত ও বিভিন্ন দেশে নারী ও শিশু পাচার করে আসছিলো তারা।
আজ তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউদ্দিন চৌধুরী।
