
সাভার প্রতিনিধি ,১৭ আগষ্ট,২০২০(বিবিনিউজ):সাভারে তিন আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় সন্ত্রাসীদের বেশ কয়েকজন সদস্যকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে সাভার পৌর এলাকার কোটবাড়ি এলাকায়। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এলাকাবাসী জানায়,গত ১৫ আগষ্ট সাভারের কোটবাড়ি এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেন সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে সজিব। এসময় ছাত্রদল সাধারণ সম্পাদক সেই জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য কোটবাড়ি এলাকার রুবেল,মুসলিম ও রবিনকে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এসময় তারা খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে না গেলে তাদেরকে দেখে নেওয়ার হুমকিদেন এস কে সজিব। পরে গতকাল রাতে কোটবাড়ি এলাকায় তারা দাড়িয়ে থাকলে এস কে সজিবের নির্দেশে সন্ত্রাসীরা রুবেল (২৭),মুসলিম (৩৫) ও রবিনকে (১৮) এলোপাথারী ভাবে কুপিযে হত্যার চেষ্টা করে। এসময় তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রদল নেতা এস কে সজিবের ভাই শহিদুল ইসলামও তার মাসহ বেশ কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে । এক পর্যায়ে সজিবের অফিসে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা। পরে স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। এসময় সন্ত্রাসীরা আহতদেও কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে নেয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্ল্যা সন্ত্রাসীদের কঠোর শাস্তি দাবি করেছেন। ওই তিন যুবক দীর্ঘদিন ধরে সাভার পৌর আওয়ামীগের কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলো।
এদিকে ছাত্রদল নেতা এস কে সজিবকে প্রধান আসামী করে একটি অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগীদের পরিবার।
অন্যদিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকায় পারিবারিক কলহের জের ধরে লাইজু বেগম নামের (৩২) এক নারী শ্রমিককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে পাষ- স্বামী। এঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এ এফ এম সায়েদ বলেন, মারামারির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
