
সাভার প্রতিনিধি,৯ জুলাই,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে ২৫ ভরি স্বর্ণের বারসহ স্বর্ণ চোরাকারবারী চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি ওসি দীপক চন্দ্র সাহা। তিনি জানান, বৃহস্পতিবার ভোর রাতে ধামরাইয়ের পটল এলাকা থেকে স্বর্ণ চোরাচালানের সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- বশির, রুবেল, কামরুজ্জামান, দিদার-১ ও দিদার -২। তারা দীর্ঘদিন ধরে স্বর্ণ এই কারবার করে আসছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ভোর রাতে ওই এলাকায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামের নাইট রাউন্ড টহল ডিউটিকালে ধামরাই বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকার দেখতে পান। এসময় ধামরাই থানা পুলিশের সহযোগিতায় ওই প্রাইভেট কারের চালক কামরুজ্জামানসহ দিদার ১ ও দিদার ২ নামের দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
তাদের দেয়া তথ্যমতে ধামরাইয়ের পটল এলাকার বিদেশ ফেরত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা স্বর্ণসহ রুবেল ও চক্রের আরও এক সদস্য বশিরকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি স্বর্ণের বারসহ ২৫ ভরি স্বর্ণ এবং দুটি রেডমি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতাবলে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
