
সাভার,৩১ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার আমতলা এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে।
সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ কাজে তিতাসের প্রায় ৪০ জন শ্রমিক অংশগ্রহণ করে।
এলাকাবাসী জানান,প্রায় এক বছর আগে আশুলিয়ার আমতলা এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। এসময় রাইজার গুলো খুলে নেওয়া হয়। গ্যাস লাইনের পাইপগুলো ছিলো অত্যন্ত নি¤œ মানের । এছাড়া ওই এলাকার ড্রেস কোয়ালিটি ওয়াশিং প্ল্যান্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানায় নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। অবিলম্বে অবৈধ গ্যাস সংযোগকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে তিতাসের প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন আশুলিয়ার সব অবৈধ গ্যাসলাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে রাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে।
উচ্ছেদ অভিযানে এসময় তিতাসের উর্ধ্বতন কর্মকর্তা ও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।
