
সাভার,১ অক্টোবর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলাম আজ মঙ্গলবারের মধ্যে পদত্যাগ না করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধ ও বৃহস্পতিবার সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে উপাচার্য ফারজানা ইসলামের মধ্যস্থতায় ছাত্রলীগ নেতাদের বড় অঙ্কের আর্থিক সুবিধা দেওয়ার অভিযোগে তদন্তসহ তিন দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালনের অংশ হিসেবে কঠোর আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনকারীরা।
উপচার্যের পদত্যাগের দাবিতে টানা সাত দিনের মত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আয়োজিত ‘উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়।
দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে শিক্ষক শিক্ষার্থীদের একাংশ ছাড়াও উপাচার্য বিরোধী আওয়ামীপন্থী শিক্ষক ও উপ-উপাচার্য প্রশাসন এ আন্দোলনে যুক্ত রয়েছেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ বলেন, ‘উপাচার্যের পদত্যাগে আট দিনের আলটিমেটামের শেষ শেষ দিন আজ। কিন্তু তিনি এখন পর্যন্ত শিক্ষার্থীদের দাবির প্রতি কর্ণপাত করেননি।
তবে পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করে উপাচার্য অধ্যাপক ডঃ ফারজানা ইসলাম বলেছেন, আন্দোলনকারীদের দাবি উদ্দেশ্যমূলক, অযৌক্তিক, অন্যায় ও অগ্রহণযোগ্য আমি কোন পদত্যাগ করবো না।
