অনলাইন ডেস্ক : মাত্র ১৩১ রানে জিম্বাবুয়ের ৫ জন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে দারুণ একটা সূচনা করেছিল বাংলাদেশ। এরপর ব্রেন্ডন টেলরের সঙ্গে জুটি বাঁধেন পিটার মুর। এ দুজন ষষ্ঠ উইকেটে ১৩৯ রানের জুটি গড়েন। সেঞ্চুরি করেন টেলর, মুর করেন ৮৩ রান।
তবে আরিফুল হক কাঙ্ক্ষিত সেই জুটি ভাঙেন দলীয় ২৭০ রানে। ২০ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের সফলতম ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর আউট হন ১১০ রান করে। তাকে অনুসরণ করেন ব্রেন্ডন মাভুতা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৮ উইকেটে ৩০০ রান। ফলোঅন এড়াতে আরো ২৩ রান করতে হবে।
এর আগে তাইজুলের ঘুর্ণিতে নাকাল হয়ে পড়ে জিম্বাবুয়ে। দলীয় ১৩১ রানের মধ্যে সফরকারীদের ৫টি উইকেট তোলে নেয় স্বাগতিকরা। জিম্বাবুয়ের পতন হওয়া প্রথম পাঁচ উইকেটের চারটিই তোলে নেন তাইজুল। অন্য ব্যাটসম্যানদের মধ্যে ব্রায়ান চারি সর্বোচ্চ ৫৩ রান করেছেন।
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন মঙ্গলবার বিকেলে ৭ উইকেটে ৫২২ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দলের পক্ষে মুমিনুল হক ১৬১ ও মুশফিকুর রহিম ২১৯ রানের একটি নান্দনিক ইনিংস খেলেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ ৬৮ রান করে অপরাজিত ছিলেন।
পরে একইদিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। দিনশেষে তাদের স্কোর ছিল এক উইকেটে ২৫ রান। সেখান থেকেই আজ তৃতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে খেলা শুরু করে জিম্বাবুয়ে।
প্রথম টেস্টে পরাজয়ের কারণে সিরিজের ফলাফল বাঁচাতে এই টেস্টে জয়ের বিকল্প নেই স্বাগতিক বাংলাদেশের সামনে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে ১৫১ রানের বড় ব্যবধানে হারে স্বাগতিকরা।
