দিয়া ইসলাম : দীর্ঘ ১৫ ঘন্টার পর আশুলিয়ার রস্তমপুরে তুরাগ নদীতে ডুবে যাওয়া নৌকা সনাক্ত করেছে ফায়ার সার্ভিসের ডুবরি দল। তবে নিখোঁজ বা কোন মরদেহ উদ্ধার খবর পাওয়া যায়নি।
শনিবার সকাল ১০ টার দিকে ডুবে যাওয়ার ঘটানাস্থল থেকে প্রায় ৫শত ফুট দুরে এই ডুবে যাওয়া নৌকাটি সনাক্ত করা হয়। পরে নৌকাটি উপরে তোলার কাজ চলছে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান জানান, গতরাত থেকে টানা উদ্ধার অভিযান পরিচালিত হচ্ছে। সর্বশেষ চারটি ডুবরি দল উদ্ধার কাজে অংশ নেন। তবে নিখোঁজের কোন সন্ধান নেই, পাশাপাশি কেউ নিখোঁজ আছে কিনা, এমন কোন স্বজনের খোঁজ পাওয়া যায়নি। তবুও আমরা খোঁজ নিয়ে দেখছি।
উল্লেখ্য, গতকাল সন্ধ্যা ৭ টার দিকে আশুলিয়ার রস্তমপুরের বালুবাহি জাহাজের ধাক্কায় নৌকা ডুবি হয়। নৌকাতে প্রায় ২০ জন ছিলেন। ঘটনার সময় ৯ জনকে উদ্ধার করা হয়েছিলো।
